বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় জনপদে পানি প্রবেশ অব্যাহত রয়েছে।
বন্যা পরিস্থিতি মোকাবেলায় শনিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম জানান, বন্যায় উপজেলার ১২টি ইউনিয়নের ১০৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ১ লাখ ৮৮ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এছাড়া বন্যায় ৫৫ হাজার ৮০০ কৃষক পরিবারের ৯ হাজার ২৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে।
তিনি আরো জানান, বন্যায় এসব গ্রামের প্রায় ৪৭ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫ হাজার বাড়িঘর সম্পূর্ণ ও ২ হাজার বাড়িঘর আংশিক, ৩০ কিলোমিটার কাঁচা রাস্তা, ১০ কিলোমিটার পাকা রাস্তা, ৩ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ৩০০ নলকূপ, ৬ হাজার গবাদি পশু, ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ৯৫ মেট্রিক টন চাল, ১ হাজার ৫০০ কেজি চিড়া, ৭৫০ কেজি গুড় বিতরণ ও নগদ ১ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
এছাড়া বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা পরিষদে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। এতে একজন করে সরকারি কর্মকর্তা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন।
এ সময় সারিয়াকান্দি উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





