নওগাঁয় প্রকাশ্য দিবালোকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টার দিকে শহরের পার-নওগাঁ ধোপাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
আজ বুধবার সকাল ৯টার দিকে শহরের পুরাতন সোনালী ব্যাংক এলাকায় অবস্থিত নিজের দোকানে চলে যান। অন্যদিকে দুপুর সাড়ে ১২টার দিকে কাজের মেয়ে ওই বাসায় এসে ফাহিমা বেগমকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে আসেন।
সংবাদ পেয়ে স্বামী ইসরাইলও আসেন। পরে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বলছে, ডাকাতির উদ্দেশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে তারা ধারনা করছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহল্লায় নিজস্ব বাড়িতে দীর্ঘদিন ধরে সিলভার ব্যবসায়ী ইসরাইল তার স্ত্রী ফাহিমা বেগমকে নিয়ে বসবাস করে আসছিলেন। তাদের কোনও সন্তান ছিল না। কাজেই ইসরাইল ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেলে স্ত্রী একাই বাড়িতে থাকেন। দিনের একটি নির্দিষ্ট সময় কাজের মেয়ে তার সঙ্গে থাকতেন।
পুলিশ বলছে, ধারনা করা হচ্ছে সকাল ১১টা থেকে ১২টার মধ্যে হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় এবং সদর থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় বলেন, এখনও তদন্ত চলছে। প্রাথমিকভাবে ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এএস





