উৎসবে আনন্দে পাবনার ঈশ্বরদীতে উদযাপন করা হলো বৃটিশ স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন ঐতিহ্যবাহী পাকশী হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ পূর্তি উৎসব।

বুধবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজের পাশে উৎসবের আয়োজন করে স্থানীয় খেলাঘর, উদীচী ও স্পন্দন সাউন্ড সিস্টেম নামের সংগঠন।

প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আজিজুর রহমান শরীফ।

শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রবীণ বাম রাজনীতিবিদ জসিম মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বক্তব্য দেন। বক্তারা সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে ব্রিজটিকে আরো শত শত বছর টিকিয়ে রাখার দাবি জানান।

পরে কেক কেটে হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ উদযাপন করেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন সংগঠনের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করা হয়। অনুষ্ঠান উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

জেআই