এসএসসি ও সমমানের মাধ্যমিক পরীক্ষা চলাকালে কোনো ধরনের কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, ‘পরীক্ষা নিয়ে কোথাও যাতে কেউ গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষার্থীদের জিম্মি করে কেউ অনৈতিক কাজ করবেন তা কোনভাবেই প্রশ্রয় দেয়া হবে না।’
সারাদেশে একযোগে শুরু হওয়া এ এসএসসি ও সমমানের পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথমদিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্র পরীক্ষা।
আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চলতি বছর ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ১০ লাখ ২৪ হাজার ৩৬৩ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী।
এছাড়া এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ছাত্রের তুলনায় ছাত্রী ৫১ হাজার ৪০৪ জন বেশি। দাখিল পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রী ১২ হাজার ৯৭৮ জন বেশি। ২০১৯ সালের তুলনায় চলতি বছরে পরীক্ষার্থী কমেছে ৮৭ হাজার ৫৪৪ জন। এরমধ্যে ছাত্র কমেছে ৪৬ হাজার ৭৮ জন এবং ছাত্রী কমেছে ৪১ হাজার ৪৭৬ জন।
নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন। অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৩২৫ জন। গত বছর বিভিন্ন বিষয়ে ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৫৯৪ জন।
এএস





