পঞ্চগড়ে পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) রাত সাড়ে ৯ টার দিকে বজ্রপাতের এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে বৃষ্টিপাতের সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রাম এলাকায় হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ এবং একই উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকায় হাসি আকতার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হন।
বজ্রপাতের সময় হাবিবুর রহমান ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। অন্যদিকে হাসি আকতার বাড়িতে গৃহস্থলির কাজ করছিল। বজ্রপাতে সে আহত হয়। তাকে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিমউদ্দিন বজ্রপাতে হাবিবুর রহমান নিহত এবং কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাহার আলী হাসি আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমআর





