জেলার শ্রীমঙ্গলে মঙ্গলবার চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৬টায় তাপমাত্রা ছিল ছয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে।
মঙ্গলবার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. হারুনুর রশিদ জানান, সকাল ৬টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা ছয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে সাত দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। তা সোমবার ভেঙে রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছিতে ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতের শহর হিসেবে পরিচিত শ্রীমঙ্গলে সন্ধ্যা নামার পরই জেঁকে বসেছে তীব্র শীত। রাতভর শীতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। সূর্য ওঠার সময় পেরিয়ে গেলেও দেখা মেলে না সূর্যের। সেই সঙ্গে মাঝে মাঝে মৃদু কনকনে বাতাস জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। প্রচণ্ড শীতে নিম্ন আয়ের মানুষসহ অসহায় ছিন্নমূল মানুষরা পড়েছে বেকায়দায়। শীতবস্ত্রের জন্য পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। তবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো শীতের কাপড় বিতরণ হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য, ১৯৯৫ সালের ৪ জানুয়ারি, ২০০৭ সালের ১৭ জানুয়ারি, ২০১৩ সালের ১০ জানুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চার ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দুই দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিন দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস।
এমএইচ





