একে বলে কপাল, “যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে' গল্পের কথা যেন বাস্তবে রূপ দিল মো. তৈয়ব মিয়ার ভাগ্যে।
পদ্মায় ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ নৌকায় লাফিয়ে উঠেছে জেলে মো. তৈয়ব মিয়ার নৌকায়।
আজ বুধবার ভোরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামের জেলে মো. তৈয়ব মিয়ার নৌকায় ওই মাছটি লাফিয়ে ওঠে।
জানা যায়, প্রতিদিনের মতোই মধ্যরাত থেকে মাঝ পদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন তৈয়ব মিয়া। এ সময় ভোরের দিকে হঠাৎ করে তার নৌকায় লাফিয়ে ওঠে একটি বড় সাইজের কাতল মাছ। একপর্যায়ে ওই মৎস্য শিকারিরা বহু কষ্টে মাছটি টেনেহিঁচড়ে নৌকায় আটকাতে সক্ষম হন।
পরে সকাল ৭টায় মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়াঘাটের হাজী মো. আ. মজিদ শেখের মৎস্য আড়তে নিয়ে আসেন। এ সময় উৎসুক জনতা ও আড়তে ভিড় জমায় বিশাল আকৃতির কাতলা মাছটি এক নজর দেখার জন্য।
তাৎক্ষণিক ভাবে খুচরা বিক্রেতারা মাছটি কিনে ঢাকার পাইকারদের কাছে ২২ হাজার টাকায় বিক্রি করে বলে জানান মৎস্য আড়ৎ মালিক মো. আ. মজিদ শেখ।
তিনি আরও জানান, ১৭ কেজি ওজনের মাছ ভেসে বা লাফিয়ে উঠতে সচরাচর পদ্মায় দেখা মেলেনা। তাছাড়া দীর্ঘদিন ধরে লাফিয়ে উঠা এমন আকারের মাছের কথা প্রথম শুনেছি।
এএস





