খুলনা নগরীর নতুন রাস্তা মোড় এলাকায় শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ কামরান হাসান (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নগরীর নতুন রাস্তা মোড়স্থ বেবিটেক্সি শ্রমিক লীগের শাখা কার্যালয়ে রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে প্রচণ্ড শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে সেখানে অবস্থানরত ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কাওছার হোসেন (৩২) ও মোন্তাজ হোসেন বাচ্চু (৩৫) নামের দুজন আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় মোড়ে কর্তব্যরত পুলিশ কামরানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সে স্থানীয় নয়াবাটি এলাকার মিন্টু মিয়ার ভাড়াটিয়া জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, আহত কাওছার বেবিটেক্সি শ্রমিক লীগ কার্যালয় অভ্যন্তরে জুয়ার বোর্ড পরিচালনা করে। জুয়ার বোর্ডের অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে বোমা হামলার ঘটনা ঘটেছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মারুফ আহমেদ বলেন, হামলাকারী সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কী কারণে হামলার ঘটনা ঘটেছে তা তিনি বলতে পারেননি।
এমই





