খুলনা বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে ৩টি সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার আলাদা আলাদা আদেশে এ নিয়োগ দেয়া হয়েছে।

খুলনার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ।

অপরদিকে খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল জলিলকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. আবদুল মান্নানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আতোয়ার রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক নিয়োগ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বজলুর রহমানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব জাহানারা পারভীনকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক ও জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন বেগমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ