দুই দিনের ব্যবধানে কুষ্টিয়ার মিরপুরে ইসাহক আলী নামে এক ব্যক্তির বসতঘর থেকে ১৬টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে। স্থানীয়রা বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আমলা ইউনিয়নের ঘোষপাড়া এলাকার ইসাহক আলীর ঘরে এই বিষধর গোখরা সাপগুলো পাওয়া যায়। ইসাহক আলী জানান, সন্ধ্যায় ঘরের মেঝেতে ৩টি সাপের বাচ্চা দেখা যায়। পরে আরো ১টিকে দেখতে পাওয়া গেলে স্থানীয়দের সহায়তায় ঘরের মেঝে খুড়ে একে একে ১৬টি গোখরা সাপের বাচ্চা পাওয়া যায়। তিনি আরো জানান, অনেকগুলো গোখরা সাপের বাচ্চা ও মা সাপ থাকতে পারে এজন্য মেঝের মাটি খোড়া হচ্ছে। এ নিয়ে এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে। স্থনীয়রা সাপের বাচ্চাগুলো দেখতে ইসাহক আলীর বাড়িতে ভিড় করছে।

প্রসঙ্গত, এরআগে গত ১২ জুলাই বুধবার কুষ্টিয়ার খোকসায় বসতবাড়ি থেকে ৪৮টি গোখরা সাপ ধরা পড়ে। উপজেলার চুনিয়াপাড়া এলাকার অসিম কুমার বিশ্বাস এর থাকার ঘর থেকে এই বিষোধর গোখরা সাপ ধরা হয়। বাড়ির মালিক ওয়াসিম জানান, দুপুরের ঘরের মেঝেই একটি সাপ দেখতে পাই। তাৎক্ষণিক স্থানীয় সাপুড়িয়া গফুর আলীকে খবর দিয়ে বাড়িতে ডেকে আনা হয়। প্রায় ১ ঘন্টা সময় ঘরের মাটি কাটার পর ঘরের মেঝের মাঝখানে একটি স্থানে ২৫টি সাপ পাওয়া যায়। পরে অন্য স্থানে বাকি সাপ পাওয়া গেছে। এদিকে গত ১০জুলাই কুষ্টিয়ার মিরপুরে একটি বাড়ির রান্নাঘর থেকে ২৮টি গোখরা সাপ পাওয়া যায়। এর মধ্যে ২৭টি বাঁচ্চা আর ১টি মা সাপ। স্থানীয়রা বাচ্চা গুলোকে মেরে ফেলে। তবে মা সাপটিকে ধরে রাখা হয়। উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর স্কুল পাড়ার নাজমুল ইসলাম লিটনের রান্না ঘর থেকে এ সাপ গুলো পাওয়া যায়।

সবুজ/জারিফ