খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার সাপমারা এলাকায় মাল বোঝাই ট্রাকে (ঢাকামেট্রো-ট-১৬-৪৫৪৪) চাঁদাবাজিকালে নিকেল চাকমা (২০) নামে এক চাঁদাবাজ কে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর রাতে চাঁদাবাজি শেষে পালিয়ে যাওয়ার সময় মাটিরাঙ্গা থানার এএসআই মো: মশিউর রহমানের নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টহল দল তাকে আটক করে।

আটককৃত নিকেল চাকমা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের রত্নসেন পাড়ার দেবকুমার চাকমার ছেলে। পরে তার কাছ থেকে চাঁদাবাজিতে ব্যবহৃত একটি মোটরসাইকেল (চট্টমেট্রো-হ-১১-৮১২৬) সহ চাঁদাবাজির টাকা ও মোবাইল ফোন উদ্ধার করে।

চাঁদাবাজির শিকার মালবোঝাই ট্রাক চালক মো: এনায়েত হোসেন রবি বাদী হয়ে আটককৃত নিকেল চাকমাসহ তার দেয়া তথ্যমতে অপর তিন ব্যাক্তির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

অপর অভিযুক্তরা হলো, পানছড়ির পুজগাং এর সুজন চাকমা (২৫) ও পার্সেল চাকমা (২৫) এবং লোগাং রত্ন সেন পাড়ার ইন্দ্রজয় চাকমার ছেলে রাজ্জাক চাকমা ওরফে পান্তা চাকমা (২০)।

চাঁদাবাজ আটকের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাহাদাত হোসেন টিটো বলেন, চাঁদাবাজি শেষে তার অপর তিন সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হলেও তার ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।

আটককৃত নিকেল চাকমাকে বৃহস্পতিবার বিকালের দিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে আটককৃত নিকেল চাকমাসহ তার সঙ্গীরা দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মাটিরাঙ্গা উপজেলাধীন আলুটিলা, সাপমারা ও ব্যাঙমারা এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি, ভাঙচুর ও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানায় পুলিশ।