ময়মনসিংহ সদর উপজেলার জয় বাংলা বাজার এলাকায় আবুল কাশেম (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেমের বাড়ি সদর উপজেলার চরভবানীপুর গ্রামে।
কাশেমের বোনের ছেলে আরিফ রব্বানী অভিযোগ করে বলেন, ‘চর শিরতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমের নির্দেশে তাঁর লোক সিদ্দিক, আলমগীর, টিটু ও জামাল আমার মামাকে (আবুলকে) পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
ঘটনার বর্ণনা দিয়ে আরিফ আরো জানান, দুদিন আগে দুপুরে কাশেমের বাড়ির সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে সেলিমের অনুসারী টিটু ও আলমগীর নামের দুই যুবকের মধ্যে বিরোধ মেটাতে যান কাশেম। এ সময় কাশেমকে মারধর করা হয়।
আরিফ জানান, গতকাল সোমবার বেলা ১১টায় কাশেম ঢাকায় যাচ্ছিলেন। এ সময় জয় বাংলা বাজার এলাকায় তাঁকে অটোরিকশা থেকে নামানো হয়।
সেখানে বেঁধে সারা দিন লাগাতার বেধড়ক পেটানো হয়। সন্ধ্যার কিছু আগে তারা চলে যায়। এ সময় স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল রাতে এ ঘটনায় ইসমাইল ও ফরহাদকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে একটি মামলা হয়েছে বলে জানান শাকের আহমেদ।
এএস





