রাজধানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।
রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় মৎস ভবন মোড়ে মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মৎস্যভবন মোড়ে মিরপুর থেকে ছেড়ে আসা মাওয়াঘাটগামী স্বাধীন পরিবহনের একটি বাস পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফ বাসকে ধাক্কা দেয়।
এর পর স্টাফ বাসটি একটি প্রাইভেটকার ও রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
পথচারী মনির হোসেন জানান, তারা স্বাধীন পরিবহনের বাসের চাকার নিচে দুইজনকে দেখতে পান।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এ সময় সামান্য আহত শরিফ (২০) প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
অন্যদিকে, গুরুতর আহত নুর আলম (৩০) চিকিৎসাধীন আছেন। তিনি স্বাধীন পরিবহনের শ্রমিক।
এ ঘটনায় নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তাছাড়া তারা রিকশা না প্রাইভেটকারের যাত্রী তাও প্রাথমিকভাবে জানা যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৬০ ও অপরজনের বয়স ২৫ বলে জানা গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। আর আহত একজনের চিকিৎসা চলছে।
জেড





