ফেনী সদর উপজেলার পাছগাছিয়া ইউনিয়নের বগইড এলাকায় সাবেক ব্যাংক কর্মকর্তা আহমদ উল্লাহর বাড়িতে হানা দিয়ে ২০ ভরি সোনার গহনাসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।
এসময় ডাকাতরা আহমদ উল্লাহকে কুপিয়ে জখম করেছে।
মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারটি জানায়, গভীররাতে ১০/১৫ জনের অস্ত্রধারী একদল ডাকাত তাদের বাসভবনের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এতে বাধা দেয়ার চেষ্টা করায় ডাকাতরা গৃহকর্তাকে কুপিয়েও জখম করে। এরপর তারা ঘরে থাকা নগদ এক লাখ টাকা, ২০ ভরি সোনার গহনা, ১০টি মোবাইল ফোন সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।
আহত আহমদ উল্লাহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





