প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ধরনের ব্রেইল বই বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।

শনিবার দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারীতে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতকরণে “শিক্ষা ও প্রতিবন্ধী বিষয়ক এক জনতার সংলাপে” তিনি এ উদ্যোগের কথা জানান।

তিনি বলেন, জানুয়ারি মাসে অনুষ্ঠিত বই উৎসবে বর্তমান সরকার বিশ্বের মধ্যে এই প্রথম বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে একযোগে বিনামূল্যে ৩৪ কোটি পাঠ্য বই বিতরণ করা হবে। সেইসঙ্গে এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিশেষ ব্রেইল বই বিতরণ করাও উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি তার বক্তব্যে আরও উল্লেখ করেন, বর্তমান সরকার আগামী বাজেটে শিক্ষাক্ষেত্রে আরও অধিক বরাদ্দ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় প্রতিবন্ধী শিশুদের জন্য সমন্বিত শিক্ষা কর্মসূচি, ভাতার পরিমাণের সংখ্যা বৃদ্ধিসহ বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।

সাঘাটা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এইচএম গোলাম শহীদ রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনতার সংলাপ অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক এহছানে এলাহী, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, সিসিডির নির্বাহী পরিচালক ম্যাগস্যাসআই পুরস্কারপ্রাপ্ত এএইচএম নোমান খান, গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি গোবিন্দলাল দাস, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন প্রমুখ।

কেএইচ