ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন মোস্তফা হত্যার প্রতিবাদে বিএনপির ডাকা বৃহস্পতিবারের অর্ধদিবস হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে।
বেলা ১১টার দিকে শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে দুইটি সিএনজি অটোরিকশা ও তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে পিকেটাররা। শহরের একাডেমি, মহিপাল এবং রামপুরে সড়কের মাথায় টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও ঘটানো হয়।
বেলা ১২টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি নইম উল্যাহ বরাতের নেতৃত্বে ঝটিকা মিছিল করে ছাত্রদল। এ সময় গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে শহর ছাত্রদলের জিল্লুর রহমান নামের এক কর্মীকে আটক করেছে পুলিশ। তিনি শহরের বিরিঞ্চি এলাকার সাইদুল হকের ছেলে।
দুপুরে ট্রাংক রোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মাস্টার, সদর কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বকুল, জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবউল্যাহ মানিক, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি নইমউল্যাহ বরাত ও সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মামুন।
হরতাল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। জেলা শহর থেকে উপজেলা শহরেও যানবাহন চলাচল করেছে। হরতালকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান।
স্বেচ্ছাসেবক দলের নেতা মনির হোসেন মোস্তফাকে মঙ্গলবার রাতে সোনাগাজীর মঙ্গলকান্দি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল ডাকে জেলা বিএনপি।
ঢাকা, ৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





