চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটসহ সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। চট্টগ্রাম মীরসরাইয়ের চিনকি আস্তানায় এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে দুর্ঘটনা কবলিত রেল লাইনের পাশের লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হয়।

বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, সকাল সোয়া ৮টার দিকে মহানগর প্রভাতীর ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে প্রায় ৪ ঘণ্টা কোনো ট্রেন চলাচল করেনি।

তিনি আরো জানান, এরপর ১১টায় সিলেটমুখী আন্তঃনগর পাহাড়িকা এবং ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে।

এদিকে ঈদ যাত্রায় মাঝপথে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় চরম বিপাকে পড়েছেন মহানগর প্রভাতীর যাত্রীরা। এছাড়া নির্দিষ্ট সময়ে যাত্রা শুরু না করায় বিপাকে পড়েছেন আরও কয়েক হাজার যাত্রী।

পূর্ব রেলের পরিবহন কমকর্তা ফিরোজ ইফতেখার বলেন, দুর্ঘটনা ট্রেনটি উদ্ধারের কাজ চলছে। দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় দুপুর পেরিয়ে যাবে।

এসএইচ