বগুড়ার গাবতলী উপজেলায় ৪র্থ শ্রেণির শিশু ছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে খোকা মিয়া (৮০) নামের এক ভণ্ডপীরকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ৩টায় উপজেলার সোনারায় ইউনিয়নের আটাপাড়া গ্রামের ইব্রাহিমের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাবতলী থানায় ভণ্ডপীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। আটক ভণ্ডপীর খোকা উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের কামারচট্ট গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা ঘটনার পর শিশুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। পরে লোক লজ্জায় সন্ধ্যায় শিশুকে অন্য ক্লিনিকে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটাপাড়া গ্রামের পীরভক্ত ইব্রাহিমের বাড়িতে মাঝে মধ্যই জিকিরের আসর বসতো। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর তার বাড়িতে আসর বসার কথা থাকায় কথিত পীর খোকা মিয়া সকাল থেকেই ইব্রাহিমের বাড়িতে অবস্থান নেন।
বিকাল ৩টা নাগাদ বাড়িতে তেমন কেউ না থাকায় কথিত পীর খোকা ঐ এলাকার সরকারি প্রাথমিক বিদালয়ের ৪র্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে ডেকে কাছে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে এবং পীরকে আটকে রেখে থানায় খবর দেন। পরে থানা পুলিশ এসে খোকা মিয়াকে আটক করে থানায় নিয়ে যান।
গাবতলী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, ক্ষতিগ্রস্থ মেয়ের বাবা শাজাহান বিদেশে থাকেন। চাচার বাড়িতে থেকে শিশুটি পড়ালেখা করতো।
কেএইচ





