ঠাকুরগাঁওয়ে ঔষধের দোকান গুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও কর্মচারী আটক করার ঘটনার প্রতিবাদে ধর্মঘট পালন করছে বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতি ঠাকুরগাঁও জেলা শাখা।

ধর্মঘট পালন করায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শত শত রোগীসহ দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও শহরের সৌরভ ফার্মেসীতে মঙ্গলবার দুপুর ১টায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ প্যাথেডিন দোকানে রাখায় দোকান মালিকসহ এক কর্মচারীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় ওই দিন রাতেই ঠাকুরগাঁও কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা এক জরুরি সভা ডেকে আটক দোকান মালিক ও কর্মচারীর মুক্তির দাবিতে ধর্মঘট শুরু করে।

ধর্মঘট শুরুর পর থেকে শহরের সকল ওষুধের দোকান বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে রোগী ও তাদের স্বজনরা।

আনিসুল হক নামে এক ভুক্তভোগী বলেন, ‘রাতে আমার স্ত্রীর

অপারেশন করা হবে। কিন্তু শহরের দোকান বন্ধ রয়েছে। অপারেশনের সরঞ্জাম না পেলে আজ অপারেশন করা যাবে না।’

আসমা  আক্তার বলেন, ‘আমার বাবার হার্টের সমস্যা রয়েছে। জরুরি ভিত্তিতে ইনজেকশন দেওয়ার প্রয়োজন, কিন্তু সব ঔষধের দোকান বন্ধ।’

এ ব্যাপারে ঠাকুরগাঁও কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন,‘ভ্রাম্যমাণ আদালত ঔষধ ব্যবসায়ীদের হয়রানি করার জন্য অভিযান চালিয়েছে। দ্রুত গ্রেফতারদের মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিয়ম মোতাবেক ঔষধের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে অবৈধ প্যাথেডিন পাওয়ায় দুইজনকে আটক করা হয়েছে।

এমকে