যমুনা নদীর পানি দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ১৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ৪১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে যমুনা রাক্ষুসি রূপ ধারণ করেছে। ফলে নতুন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি যেসব এলাকা থেকে পানি নামতে শুরু হয়েছিলো সেসব এলাকাও পুনরায় প্লাবিত হয়েছে। সরকারি হিসেবে এখন পর্যন্ত জেলার ৭টি উপজেলার ৩৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে।

একদিকে পানি বৃদ্ধি অন্য দিকে অবিরাম বর্ষণের কারণে দিশেহারা হয়ে পড়েছে হাজারো মানুষ। বিশুদ্ধ খাবার পানির সংকটের পাশাপাশি পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সের মানুষ।

ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনশত ১৫ মেট্রিকটন চাল এবং নগদ চার লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

এছাড়া বন্যা কবলিতদের চিকিৎসাসেবা প্রদানে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে ৩০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তবে অধিকাংশ বন্যাকবলিত এলাকায় এখনো ত্রাণ না পৌঁছায় মানবেতর জীবন যাপন করছে হাজারো মানুষ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্যার পানি উঠায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে, দীর্ঘদিন এভাবে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকলে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ সব ধরনের বাঁধ হুমকির মুখে পড়বে।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ