সাভারে যানবাহন থেকে ট্রাফিক পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করছে কয়েকজন যুবক। সবুজ (২০) তাদের মধ্যে একজন। পরে এলাকাবাসী সবুজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসষ্ট্যান্ডের মাশরুম সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ট্রাফিক পুলিশ পরিচয়ে মাশরুম সেন্টারের সামনে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের কাছে চাদা আদায় করছিল ওই যুবক। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তার পরিচয় জানতে চায়। এসময় সে তার নিজের পরিচয় জানাতে ব্যর্থ হলে স্থানীয়রা তাকে গণধোলাই দেয়। পরে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
 
এদিকে স্থানীয় একাধিক যানবাহন চালক বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা নিজ হাতে চাঁদা না নিয়ে ওই যুবকের মাধ্যমে নিতেন। সাভার বাজার বাসষ্ট্যান্ড এলাকায় ট্রাফিক পুলিশকে সহায়তাকারী এমন আরও কয়েকজন যুবক রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সাভার ট্রাফিক পুলিশের পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, ট্রাফিক পুলিশের নাম করে চাঁদাবাজি করে আসছিল ওই যুবক। আসলে তার সঙ্গে ট্রাফিক পুলিশের কোন সখ্যতা নেই। তাকে ইতোমধ্যেই আদালতে পাঠানো হয়েছে ।

এএইচ