বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩ মাদকসেবীকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২১ মে) দুপুর ১২টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার ভোর রাতে শহর এলাকায় মাদক সেবনকালে তাদের আটক করে আদমদীঘি থানা পুলিশ। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিমের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত তাদের ১ মাস করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁর পার নওগাঁ গ্রামের মৃত আইজুল ইসলামের ছেলে বিপ্লব (২২), একই গ্রামের ইয়াদ আলীর ছেলে নুরুজ্জামান (৪৫) ও একই জেলার রানীনগরের নারায়ণপাড়ার তোয়াজ আলীর ছেলে রাব্বানী (২২)।
আদমদীঘি থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২১মে) ভোররাতে শহর এলাকায় মাদকদ্রব্য সেবনকালে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের সাজা দেন।
ওএফ





