নুসরাতসহ সারা দেশে শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা বন্ধ এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মৌন প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ডিবি রোড়ে বাংলাদেশ শিশু একাডেমি গাইবান্ধা, প্লান ইন্টারন্যাশনাল, সেভ দ্যা চিলড্রেনে সহযোহিতায় ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা এই প্রতিবাদ করে।
এই সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির সভাপতি মেহেদী হাসান অন্তর, সহ-সভাপতি তাসকিনা জামান তমা, যুগ্ন সাধারণ সম্পাদক মনিরা ফেরদৌস, শিশু গবেষক ফররুক আহম্মেদ, শিশু সাংবাদিক সানজিনা আক্তার সোনিয়া, শিশু সাংসদ সদস্য মো. মেহেদী হাসান, জেলা ভলান্টিয়ার শ্রাবণী রহমান ও মনির হোসেন মিলন প্রমুখ।
এ প্রতিবাদীরা প্রতিবাদ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি প্রদান করে।
উক্ত স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে দিনদিন শিশুর প্রতি সহিংসতা এবং নির্যাতন বেড়েই চলেছে। পত্র-পত্রিকা খুললেই শিশু নির্যাতন এবং শিশুর প্রতি সহিংসতা খবর আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। এসব নির্যাতনের খবর দেখে আমরা শিশুরা আতংকিত হয়ে পড়েছি। ২০১৮ সালের জানুয়ারি হতে ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবর থেকে আমরা দেখেছি ৫২৭ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। আর এ বছর জানুয়ারি হতে মার্চ পর্যন্ত ১৪৫ জন ধর্ষণ ও ৪১৪ জন শিশু অন্যান্য নির্যাতনের শিকার হয়েছে। বিগত বছরের তুলনায় এ বছর প্রথম তিনমাসেই শিশু ধর্ষণ আরো বেড়েছে।





