খুলনার রাষ্ট্রীয় মালিকানাধীন সাতটি পাটকল শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বকেয়া বেতন প্রদানসহ পাঁচ দফা দাবিতে সোমবার ভোর ছয়টা থেকে লাগাতার ধর্মঘট শুরু করে শ্রমিকরা। দাবি আদায় না হলে মঙ্গলবার ভোর ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য রাজপথ-রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে তারা।
গতকাল রবিবার খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় মিল স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে রাষ্ট্রায়ত্ত্ব জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। ওই মানবন্ধন থেকে আন্দোলনের কর্মসূচি সফল করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।
তাদের দাবিগুলো হলো- পাট শিল্পকে বাঁচিয়ে রাখার স্বার্থে অবিলম্বে মিলগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনমুখী করার জন্য পাটখাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের ন্যায় অবিলম্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, ১ জুলাই ২০১৩ ঘোষিত ২০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান, খালিশপুর ও দৌলতপুর জুট মিল জাতীয়করণ এবং কর্নফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণসহ পাওনা প্রদান। এসব দাবি বাস্তবায়নে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ২১ দিনের কর্মসূচি ঘোষণা করে।
এআই





