করোনাভাইরাসের টিকা নেয়ার ২৭ দিন পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা: শফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি গত ০৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেন। আর গত ০৬ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন।
এখন তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১০ মার্চ) পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসক মনোয়ার হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হলেও তিনি এখন সুস্থ আছেন। তাঁর শরীরে তেমন কোনো উপসর্গও নেই। করোনা শনাক্ত হওয়ার দিন থেকেই তিনি আমাদের হাসপাতালে চিকিৎসাধীন।”
মোহা: শফিকুল ইসলামের কোনো শারীরিক জটিলতা নেই দাবি করে হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, “স্যারের অ্যান্টিবডি লেভেলও ভালো। আমরা আশা করছি, তিনি দ্রুতই সুস্থ হয়ে কাজে ফিরবেন।”
এর আগে দেশব্যাপী গণটিকাদানের প্রথম প্রথম দিন গত ০৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম করোনার টিকা গ্রহণ করেন। মূলত তাঁর টিকা গ্রহণের মধ্যে দিয়ে পুলিশ সদস্যদের মধ্যে টিকা কার্যক্রম শুরু হয়।
এমবি





