দৈনিক দিনকাল পত্রিকার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক রাজকে পিটিয়ে আহত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন ওরফে বাবু। এ ব্যাপারে কামারখন্দ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আহত সাংবাদিক আবদুর রাজ্জাক রাজকে গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামারখন্দ থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিকেলে কামারখন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা ঝাঐল ও ভদ্রঘাট ইউনিয়নের কৃষকদের ধান কেনার জন্য কৃষিকার্ডের লটারি হবে। এ জন্য সংবাদ সংগ্রহের জন্য উপজেলা পরিষদে যান সাংবাদিক আবদুর রাজ্জাক রাজ।

রাজ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে যাওয়ার পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল-আমিন বাবুসহ তাঁর লোকজন সাংবাদিক রাজকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে আনেন। নিচে নামার পর কেন কৃষিকার্ডের সংবাদের জন্য এসেছিস—এ কথা বললে মারধর শুরু করেন। পরে রাজের চিৎকারে উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ দৌড়ে নিচে এসে তাকে উদ্ধার করেন। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজকে হত্যা করার হুমকি দিয়ে চলে যান। আহত অবস্থায় রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উপজেলা চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন বাবুসহ কয়েকজন সাংবাদিক আবদুর রাজ্জাক রাজকে মারধর করছে দেখে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেছি। সাংবাদিক আবদুর রাজ্জাক রাজ কিছু নিউজ করেছিল, যা তাদের বিপক্ষে গেছে। এ জন্যই মারধর করেছে বলেছে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, ‘সাংবাদিককে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি জেহাদুল ইসলাম।