কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কাটা দরগার গেইট এলাকায় যাত্রীবাহী সৌদিয়া পরিবহনের একটি বাসচাপায় আকিলুর রহমান (১০) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ডুলাহাজারা রিংভং দরগার গেইট নামক এলাকায় আকিলুর রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া পরিবহন তাকে চাপা দিয়ে ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।
নিহত আকিল উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ড রিংভং ছগিরশাহ কাটা বাগিছা পাড়া এলাকার হাজি আব্দুল সত্তারের ছেলে ও স্থানীয় নূরানী মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা আকিলুরকে উদ্ধার করে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আই.সি সার্জেন্ট আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহত আকিলুরকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, দুর্ঘটনাকারী গাড়িটির সন্ধান করা হচ্ছে।
এমবিএইচ





