বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের জনসভাস্থল জামালপুর স্টেডিয়াম সংলগ্ন জেলা স্কুল মাঠে লোকসমাগম শুরু হয়েছে।
শনিবার বেলা বাড়ার সাথে সাথে ট্রাক, বাস, টেম্পু, মোটসাইকেল, ভ্যান, রিকশাযোগে এবং পায়ে হেঁটে মানুষ জনসভাস্থলে আসতে শুরু করেছে।
দেখা গেছে, বিভিন্ন জেলা ও থানার নেতা, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সংবলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করছে।
ইতিমধ্যে জামালপুর জেলা শহর ছাড়াও দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ, সরিষাবাড়ি, মেলানদাহ, মাদারগঞ্জ, ইসলামপুর থানা এবং শেরপুর জেলার শ্রিবরদি, মালিতাবাড়ি, নকলা, ঝিনাইগাথি উপজেলার নেতাকর্মীরা মাঠে উপস্থিত হয়েছেন।
এছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইলের নেতাকর্মীরাও জনসভাস্থলে উপস্থিত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে প্রচণ্ড বৃষ্টিতে মাঠের পরিস্থিতি খারাপ হয়ে যায়। বৃষ্টির কারণে প্রায় পুরো মাঠে কাদা পানি জমেছে। ইতিমধ্যে কাদায় বালু ফেলা হয়েছে।
জনসভাস্থলে জোটের অন্যতম শরিক দল জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও ছোট ছোট মিছিলসহ বিভিন্ন স্লোগান দিয়ে যোগ দিয়েছে।
বিচারপতি অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে এবং দ্রুত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবিতে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করবেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে রাজধানীর গুলশানের বাসভবন থেকে জামালপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন খালেদা জিয়া।
ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





