নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় একটি ডাইং কারখানার বয়লার পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় এক শ্রমিক মারা গেছেন। এসময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও চারজন।
মঙ্গলবার রাত ৮টায় ফতুল্লার পিঠালীপুল এলাকার আমেনা ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম দুলাল মিয়া (৩৫)। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা থানার গোয়াবাড়িয়া এলাকায়।
বিষয়ক্রিয়ায় অসুস্থ কারখানার ফোরম্যান ফরিদ, মেকানিক্যাল ডিপার্টমেন্টের রুবেল, শ্রমিক সিদ্দিক ও আলাউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আমেনা ডাইং কারখানার লেবার সর্দার মো. হামিদ জানান, বয়লার পরিষ্কার করতে গিয়ে বিষক্রিয়ায় দুলালসহ ৫জন অসুস্থ হয়ে পড়লে তাদের শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক হাম্মাদ আলী জানান, হাসপাতালে আনার আগেই দুলাল মারা গেছেন। বাকি ৪জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম//জেইউ