গাইবান্ধা জেলার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে লিমন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মালিবাড়ি চৌরাস্তা মোড়ে বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লিমন সদর উপজেলার নতুনবন্দর গ্রামের মো. শওকত আলীর ছেলে। সে নতুনবন্দর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, লিমন বগুড়া থেকে ট্রাকবোঝাই খড় নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় লিমন খড়ের উপরে বসে ছিলেন। ট্রাকটি মালিবাড়ি চৌরাস্তায় পৌঁছলে বিদ্যুতের একটি ঝুলন্ত খোলা তারে লিমন জড়িয়ে যায়।
এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই লিমনের মৃত্যু হয়। এসময় ট্রাকে থাকা খড়গুলোতে আগুন ধরে পুড়ে যায়।
মালিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিআইএম নাজমুল হুদা বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, লিমনের মৃত্যুর বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হয়েছে।
এমআর





