রাজধানীর একটি বাসা থেকে সহোদর দুই ভাই-বোনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- ভাই আলীম (১৫) ও বোন চিরশ্রী জামান (১৮)।

সোমবার দিনগত মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম রোডের ১১ নম্বর বাড়ির ৫ম তলা থেকে তাদের লাশ দু'টি উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এএসআই মাজেদুর রহমান জানান, উত্তরার ১৩ নম্বর সেক্টরের লোবানা হাসপাতালের উত্তর পাশে একটি ভবনের ৫ম তলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

লাশ দুটি গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝোলানো ছিল। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাদণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উত্তরা (পশ্চিম) থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, নিহতদের মায়ের নাম জয়শ্রী জামান। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ সহ-সম্পাদক। তার স্বামী আলিমুল হক চীনে বসবাস করছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাশা থেকে তারা আত্মহত্যার করেছে। নিহতদের বাসা থেকে ইংরেজীতে লেখা ছয়পাতার একটি ‘আত্মহত্যার নোট’ উদ্ধার করা হয়েছে।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর, কেএইচ