জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের একটি অংশ নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করেছে। আজ (বৃহস্পতিবার) এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে শফিকুর রহমানকে সভাপতি ও কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের প্রাধান্য রেখে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিএনপি সমর্থক হিসেবে পরিচিত কয়েকজন সাংবাদিকও রয়েছেন।  এরআগে কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল আহমেদের নেতৃত্বাধীন কমিটি নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের ঘোষণা দিয়েছিলেন।

আজ ঘোষিত কমিটিতে অন্যান্যদের মধ্যে আছেন সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সহ-সভাপতি আমিরুল ইষলাম কাগজী, যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ইলিয়াস খান, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি।

এছাড়া, সদস্য করা হয়েছে আমানুল্লাহ কবির, খন্দকার মনিরুল আলম, আজিজুল ইসলাম ভুইয়া, সাইফুল আলম, শ্যামল দত্ত, শামসুদ্দিন আহমেদ চারু, মোল্লা জালাল উদ্দিন, সরদার ফরিদ আহমেদ, হাসান আরেফিন, শামসুল হক দুররানীকে।

কমিটি ঘোষণা করেন এলাহী নেওয়াজ খান। শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, বর্তমান কমিটি অবৈধ হয়ে গেছে। তাই সমঝোতার ভিত্তিতে কমিটি করা হয়েছে। সভায় জাতীয় প্রেস ক্লাবের সদস্য আরও ৫০০ বাড়িয়ে ১৫০০ করার সিদ্ধান্ত হয়।

এমএইচ