এসআই পদ মর্যাদার এক ট্রাফিক পুলিশ কর্মকর্তার বাসা থেকে সরকারি একটি পিস্তল চুরি হয়েছে। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার তুলাতলি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যার মধ্যে লোকশূন্য বাসা থেকে এই সরকারি অস্ত্রটি চুরি গেছে বলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ধারণা করছেন।

বুধবার অস্ত্রটি চুরি গেলেও বৃহস্পতিবার সকালে বাকলিয়া থানায় মামলা দায়েরের পর বিষয়টি জানাজানি হয়।

চট্টগ্রাম মহানগর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মাসুদ-উল হাসান জানান, নগর ট্রাফিক বিভাগের উত্তর জোনে রিজার্ভ অফিসার হিসেবে কর্মরত এসআই অমির কান্তি দে বুধবার সকাল ৯টার দিকে কর্মস্থলের উদ্দেশে চলে যান। এসআই অমির কান্তির স্ত্রী আনোয়ারা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হিসেবে কর্মরত থাকায় তিনিও একই সময়ে বাসা থেকে বের হয়ে যান। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাসাটি ছিল লোকশূন্য।

এদিন বিকেল ৫টার দিকে এসআই অমির বাড়ির মালিকের মাধ্যমে মোবাইলে জানতে পারেন তার বাসার তালা ভাঙা। খবর পেয়েই তিনি দ্রুত বাসায় ফিরে দেখেন বাসার সব আসবাবপত্র এবং বিছানাপত্র উলটপালট অবস্থায় পড়ে আছে।

এ সময় বাসার সব জিনিসপত্র খুঁজে দেখা যায় বাসায় সংরক্ষিত রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য এসআই অমিরকে দেওয়া সরকারি ৭ পয়েন্ট ৬৫ এমএম বোরের পিস্তলটি নেই। পরে তিনি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এই ঘটনায় নগরীর বাকলিয়া থানায় মামলা দায়ের করেন এসআই অমির কান্তি।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, চুরি যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

জেএ