সাতক্ষীরায় গণগ্রেফতার অব্যাহত রয়েছ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আরো ৮৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, আটকরা সহিংসতা ও নাশকতার সাথে জড়িত।
সাতক্ষীরা পুলিশের চলমান বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ নিয়ে গত ১ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত গত ১০ দিনে সাতক্ষীরায় ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের মধ্যে ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদের মধ্যে সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন একমাস পর্যন্ত সাজার মেয়াদ রয়েছে।
পুলিশ জানায়, আটক ৮৫ জনের মধ্যে নয়জন জামায়াত-শিবির ও বিএনপির সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত থেকে সহিংসতা চালিয়ে আসছিল। অন্যরা তাদের সহযোগী।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, সহিংসতা ও সরকারি কাজে বাধাদানসহ বিভিন্ন মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবাইকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেএ





