জামালপুর সদর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইটাইল ইউনিয়নের ইটাইল পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন- উপজেলার ইটাইল পূর্বপাড়া গ্রামের এরশাদ আলীর মেয়ে ইশরাত জাহান মনি (৭) ও একই এলাকার স্বপন মিয়ার মেয়ে শাপলা খাতুন (৬)। তারা ইটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মনি ও শাপলা অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে নরুন্দি তদন্ত কেন্দ্রের পরিদর্শক টিপু সুলতান জানান, খেলতে গিয়ে পুকুরে পড়েই শিশু দুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এমবি