সিলেটে তিনটি সংগঠনের ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে পরিবহন শ্রমিকদের বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বৈঠকে সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, এসএমপির ডিসি (ট্রাফিক) রেজাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিরিক্ত টোল আদায় বন্ধ ও পুলিশ দিয়ে কোনো পরিবহন শ্রমিক হয়রানির শিকার হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধন্ত নেওয়া হয়।
সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর লাগাতার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এর আগে পুলিশি হয়রানি ও লামাকাজি সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে এ লাগাতার ধর্মঘট শুরু হয়।
তবে বাস, ট্রাক ও ট্যাংকলরি ছাড়া অন্যান্য পরিবহন চলাচল ছিল। দুপুরের দিকে প্রশাসন বৈঠকের আহবান জানালে নেতৃবৃন্দ বিকেলে বৈঠকে বসেন।
এএইচ





