পঞ্চগড়ের তেতুলিয়ায় পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ নেকবর খান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সোমবার রাত ১২টার দিকে তেতুলিয়ার সারিয়ালজোত সীমান্তের নেকবরের নিজের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ তাকে আটক করা হয়। নেকব ওই গ্রামের মো. লেবু খানের ছেলে।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হকের নেতৃত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি টিম নেকবর খানের বাড়ি ঘেরাও করে। এসময় তার বাড়ির গোয়াল ঘরের মেঝে খুড়ে পলিথিনে মোড়ানো একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে নেকবর খানকে আটক করা হয়। পরে রাতেই পিস্তল ও গুলিসহ আটককৃত নেকবরকে তেঁতুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তার বিরুদ্ধে বিজিবির তেতুলিয়া কোম্পানি সদরের নায়েক সুবেদার দিদার আহমেদ বাদী হয়ে তেতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক ও তেতুলিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সেলিম জাহাঙ্গীর নেকবরকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই