স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব বুঝে নিয়েছেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যিনি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়েরও মন্ত্রী।

মন্ত্রী হওয়ার পর রোববার সকাল ১১টা ২৮ মিনিটে সচিবালয়ে নিজ দপ্তরে গিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় তার সঙ্গে দেখা করতে অফিসে যান একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

সচিবালয়ে আসার আগে তিনি সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে যান।

সৈয়দ আশরাফের ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ তোফাজ্জল হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন রোববার বেলা ১১টা ৫ মিনিটে বেইলি রোডের ওই বাসায় যান। ১১টা ২০ মিনিট পর্যন্ত উনি ছিলেন।

আশরাফের সঙ্গে সাক্ষাৎ শেষে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যান খন্দকার মোশাররফ।

নতুন দায়িত্ব বুঝে নিয়ে খন্দকার মোশাররফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বলে জানা গেছে। সাংবাদিকদের সঙ্গে এখনো কোনো কথা বলেননি তিনি।

এআর