জামালপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আজিজুল হক (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন।

শুক্রবার (০৮ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের ঘোড়াধাপ মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক ময়মনসিংহের গফরগাঁও এলাকার সিরাজুল হকের ছেলে। নিহত অটোরিকশার যাত্রী আজিজুল হক একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন।

আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা  জানায়, ময়মনসিংহ থেকে জামালপুরগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সয়্গে মুক্তাগাছাগামী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

জামালপুর সদর থানার আওতাধীন নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আলমগীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এসটি