দিনাজপুরে আটকের পর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রফিকুল ও ওয়াজেদ নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় নবাবগঞ্জ উপজেলার ছোট মাগুড়া গ্রামে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম গাইবান্দার সাদুল্ল্যাপুর উপজেলা ও ওয়াজেদ হোসেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান বলেন, রফিকুল ও ওয়াজেদ নামের দুই ডাকাতকে বুধবার সন্ধ্যায় গাইবান্ধা ও পীরগঞ্জ থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী নবাবগঞ্জ ছোট মাগুড়া গ্রামে অস্ত্র উদ্ধারে গেলে সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ডাকাতদল পুলিশের ওপর গুলি চালিয়ে রফিকুল ও ওয়াজেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা  করে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান রফিকুল ও ওয়াজেদ।

ওসি আরও বলেন, ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) শামসুল ইসলাম, এসঅই রিমেল, সিপাহি তুষার ও কাদের নামের চার পুলিশ সদস্য আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে।

নিহতদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানাসহ বেশ কয়েকটি থানায় ৫-৬টি করে ডাকাতি, ছিনতাই, মাদকের মামলা রয়েছে।

পুলিশের দাবি, এই ঘটনায় পুলিশের ওসিসহ (তদন্ত) চার পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা ও একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।

এমবি