যশোরের শার্শায় এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও নগদ আড়াই লাখ টাকা লুটপাট করেছে সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় দোকান মালিক দুই ভাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় শার্শা উপজেলার বাঁগআচড়া বাজারে আঁখি ভিশন অপটিক্যাল নামে ওই ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।
আহত দোকান মালিক ভ্রাতৃদ্বয় হলেন- শার্শার রুদ্রপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২৪) ও বাবলা (১৫)।
অভিযোগকারী দোকান মালিকের বড় ভাই তাইজুল ইসলাম বলেন, তাদের দোকান থেকে এক প্রকার জোর করেই প্রায়ই বাকিতে মালামাল ক্রয় করে বাঁগআচড়া বাজার এলাকার আব্দুল লতিফের ছেলে শিশির, গনির ছেলে শুভ ও মফু খানের ছেলে বিদ্যুৎ।
একাধিকবার ওই পাওনা টাকা চাইলে তারা আজ দেবে কাল দেবে বলে দিন দিতে থাকে। সোমবার সন্ধ্যায় তারা আবার দোকানে আসে কেনা-কাটা করতে।
এসময় তাদের আগের টাকা পরিশোধ না করলে বাকি দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। এতে ওই তিন জনের সঙ্গে দোকান মালিকদের তর্ক-বিতর্ক হয়।
তারা ক্ষিপ্ত হয়ে দোকান থেকে ফিরে গিয়ে কিছুক্ষণ পরে দল বেধে এসে ভাঙচুর ও দু’ভাইকে রড দিয়ে পিটিয়ে জখম করে।
সন্ত্রাসীরা দোকানের ক্যাশ থেকে দুই লাখ ৩০ হাজার টাকাও লুট করে নেয়। ভাই দু’জনকে স্থানীয় রুবা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অভিযোগ পুলিশকে জানানো হয়েছে।
শার্শা থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন মামলা রেকর্ডের কাজ চলছে।
এমকে





