রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার ১৩ তম দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে মিছিল করেছেন।

এর আগে গত ২ মে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ছুটির মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একজন ক্যাম্পাসে থাকলেও তাঁরা এ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

আগামী ৭ মে থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে। আজ শবে মেরাজের ছুটি। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে ক্যাম্পাসে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর পদচারণ দেখা যাচ্ছে। কিন্তু এখনো থেমে নেই প্রিয় শিক্ষক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চলমান আন্দোলন।

আজ বেলা সাড়ে ১০টার দিকে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’থেকে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়।

এরপর শিক্ষার্থীরা সেখানে আন্দোলন বেগবান রাখতে নিজেদের মধ্যে আলোচনা করেন এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাড়ি থেকে একটু দূরে অধ্যাপক রেজাউলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন রাতে রেজাউলের ছেলে রিয়াসাত ইমতিয়াজ বাদী হয়ে নগরের মতিহার থানায় মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের গোয়েন্দা শাখার তদন্তনাধীন।

এমআর