করোনাভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে ৭ দিনের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করেছে সরকার। অর্থাৎ ০৪ জুলাই পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।
শুক্রবার (২৫ জুন) রাতে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার এই তথ্য জানান।
তিনি বলেন, “এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।”
প্রধান তথ্য কর্মকর্তা বলেন, “জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম লকডাউনের আওতা বহির্ভূত থাকবে।”
শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে বিস্তারিত আদেশ জারি করা হবে বলেও জানান সুরথ কুমার সরকার।
এমবি





