নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ইয়ামিন নামে ২ বছরের শিশুকে হত্যার পর মা বিষপানে আত্মহত্যা চেষ্টা করে।

গুরুতর আহত অবস্থায় নিহত শিশুর মা পলি আক্তার (২০) কে (সমবার) রাত ১০টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুর দাদি অজিফা খাতুন জানান, রাত সাড়ে ৮টার দিকে তার ছেলে আলমগীরের সাথে পুত্রবধূ পলি আক্তারের চট্টগ্রামে চাকরিস্থলে যাবার বিষয়ে বাকবিতন্ডা হয় ও পলিকে চট্টগ্রাম যেতে নিষেধ করে। পরে পুত্রবধু অভিমান করে ২ বছরের শিশু ইয়ামিনকে মারধর ও বিষপান করিয়ে হত্যা করে।

এরপর পলি নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার স্বামী আলমগীর আশঙ্কাজনক অবস্থায় স্ত্রী ও সন্তানকে নিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষনা করে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদ উদ্দিন জানান, শিশুটিকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়, পলি আক্তারের অবস্থাও আশঙ্কাজনক।

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এমই