এখন থেকে ট্রাফিক পুলিশ আর কাগজে মামলা করবে না। নতুন বছরের শুরু থেকেই ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মামলা করবেন তারা।

বৃহস্পতিবার দুপুর ১টায় রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু মনুমেন্ট স্কয়ারে ট্রাফিক পয়েন্ট অব সেলস (পস) ডিভাইসের উদ্বোধন করেন সদ্য যোগদান করা র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

এ সময় বেনজীর আহমেদ সাংবাদিকদের বলেন, আজ থেকে ট্রাফিক পুলিশ কাগজে কোনো মামলা করবে না। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডে তারা মামলা করবে।

তিনি বলেন, ট্রাফিক পস ডিভাইসের মাধ্যমে দ্রুত সময়ে মামলা করার পাশাপাশি পুলিশ ও জনগণ বেশ কিছু সুবিধা পাবে। এর মাধ্যমে পুলিশ দ্রুত বলে দিতে পারবে যে, গাড়ির কাগজপত্র ঠিক আছে কি-না। আগে কোনো মামলা ছিল কি-না। পাশাপাশি মামলা করে মামলার কাগজও প্রিন্ট করে দিতে পারবে ৩০ সেকেন্ডের মধ্যেই।

বেনজীর আহমেদ বলেন, এ ডিভাইসের মাধ্যমে যাদের নামে মামলা হবে তারাও দ্রুত জরিমানা পরিশোধ করতে পারবে। একজন গ্রাহক ইচ্ছা করলে নিজে গিয়ে অথবা মোবাইল সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। ইউসিবি ব্যাংকের ইউ-ক্যাশ এর সহায়তায় এ ডিভাইসটি পুলিশ ব্যবহার করছে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ৫০০টির মতো এ ডিভাইস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে এ ডিভাইসের মাধ্যমে মামলা কার্যক্রম পরিচালনা করে আসছিল ট্রাফিক বিভাগ।
জেআই