ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নারীঘটিত বিষয়ে দুপক্ষের সংঘর্ষে আলফাজ উদ্দিন (৫৫) নামে এক প্রাক্তন ইউপি সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। নিহত আলফাজ উপজেলার দারিয়াপুর গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- ড্যানি আহমেদ, সোলাইমান, সফিউদ্দিন ও ওসমান। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহতাব উদ্দিন জানান, উপজেলার দারিয়াপুর গ্রামের আলফাজ উদ্দিনের ভাগ্নে হাবিবুর রহমান প্রেমিকাকে বাড়িতে আনে। এতে আলফাজ ওই মেয়েটিকে বাড়িতে রেখে আসতে বলে হাবিবুরকে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে হাবিবুরের লোকজনের সঙ্গে আলফাজের হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।

এ সময় আলফাজ ও তার ছেলেসহ পাঁচজন গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক আলফাজকে মৃত ঘোষণা করে। বাকিদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো মামলা হয়নি।

ওএফ