খুলনায় যুবদলের নতুন কমিটির সভাপতি-সম্পাদকসহ ৫০ নেতাকর্মীর নামে মামলা দায়ের হয়েছে। জানা গেছে সদর থানা পুলিশের কর্তব্যরত সদস্যদের মারপিট, ইট পাটকেল নিক্ষেপ ও নাশকতা সৃষ্টির অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

দন্ড বিধির বিভিন্ন ধারা উল্লেখ করে সোমবার খুলনা সদর থানার এসআই রুবেল মোহন্ত বাদী হয়ে এই মামলাটি করেন।

মামলায় আসামিরা হলেন, খুলনা মহানগর যুবদলের নতুন কমিটির সভাপতি মাহাবুব হাসান পিয়ারু (৪৩), সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর (৪০), একরামুল হক হেলাল (৪৪), মেহেদী হাসান সোহাগ (৩৫), আজিজুর রহমান দুলু (৪৫), শফিকুল আলম তুহিন (৪৮), সুলতান মাহমুদ সুমন (৩২), সাকির আহম্মেদ (৪৬), বিপ্লব (৩৪), আব্দুল্লালে কাফি সখা (৩২), নাসিম (৩৫), ফিরোজ শেখ (৩৫), মাসুম ওরফে হনু মাসুম (৩২), জামিল (৩০), সোহাগ গাজী (৩০), রাল মিয়া (২৮), সাইফুল (৩২), শেখ ওমর আলী (৩৫), শেখ আনোয়ার হোসেন (৪৫), শেখ আসাদ (৩৭), মাসুদ রানা (৩৮), জাবির (৪৫), শান্ত (২৮), রুবেল (৩০), শেখ ডেবিড (৩৫), বেলাল হোসেন (৩৮)। এছাড়া মামলায় অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গতকাল ৩০ এপ্রিল খুলনা মহানগর যুবদলের ৬০/৭০ জন নেতাকর্মী সদর থানা সংলগ্ন কার্ড সেন্টার-২ এর সামনে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে তারা পুলিশকে মারপিটসহ ইট পাটকেল ছুড়ে নাশকতা সৃষ্টি করেন।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু খুলনা মহানগর ও জেলা যুবদলের পাঁচ সদস্য করে আংশিক কমিটি ঘোষণা করেন।

এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর জানান, আমাদের বিরুদ্ধে পুলিশ যে অভিযোগে মামলা দায়ের করেছেন তা সত্য নয়। আগামী ৬ মে কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কবির রিজভীর উপস্থিতিতে বিএনপির যে সমাবেশ হওয়ার কথা রয়েছে তা বানচাল করার জন্য এ মিথ্যা মামলা দেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

সদর থানার ওসি এম.এম. মিজানুর রহমান জানান, ঘটনা সত্য, তাই মামলা দায়ের করা হয়েছে।

মামুন/এমএনজে