গাজীপুরে পাতারটেকে জঙ্গি অভিযান চালানোর পর কালীগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে থাকা বাড়ির মালিকের স্ত্রী এবং তার ভাইকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হারুন অর রশিদ এ তথ্য জানান।
আটককৃতরা হলেন বাড়ির মালিক সৌদি প্রবাসী সোলায়মান সরকারের স্ত্রী সালমা বেগম (৩২) ও তাঁর ভাই ওসমান সরকার (৪৮)। ওসমান সরকার জাঙ্গালিয়া গ্রামের আবদুল মজিদ সরকারের ছেলে।
পুলিশ সুপার জানান, অভিযানে সাত জঙ্গি নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আটককৃতদের নাম নেই। ওই যুবকদের কীভাবে এবং কোন পরিচয়ে ভাড়া দেওয়া হয়েছিল এসব তথ্য জানতে তাদেরকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তারা জানিয়েছেন, ভোটার আইডি কার্ড নিয়ে ওই যুবকদের ভাড়া দেওয়া হয়েছিল। কিন্তু পুলিশকে ভাড়াটেদের তথ্য জানানোর কথা থাকলেও তারা তা করেনি। তথ্য গোপন করে তারা বাড়ি ভাড়া দিয়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আপাতত ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত শনিবার গাজীপুরের হাড়িনালের লেবুবাগান ও নোয়াগাঁওয়ের পাতারটেকের দুই বাড়িতে অভিযান চালায় র্যাব ও পুলিশ। এ সময় পাতারটেকে ৭ এবং লেবুবাগানে ৯ জঙ্গি নিহত হয়।
জেড





