নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুল হুদাকে (৫৫) কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ সময় তাকে বহন করা মোটরসাইকেলের চালক বেলাল হোসেন(৩৫) নামের আরো এক ব্যক্তিকে কুপিয়ে জখম করে দূর্বৃত্তরা।
সোমবার রাতে চরপার্বতী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। আহত নুরুল হুদাকে গুরুতর অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত বেলাল হোসেন চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এন্তাজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় মৌলভীবাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন নুরুল হুদা। চরপার্বতী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সামনে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা একদল অজ্ঞাত দূর্বৃত্ত তাদের উপর হামলা চালায়।
এসময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দু’জনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়।
পরে আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আ’লীগ নেতা নূরুল হুদার অবস্থার অবনতি ঘটলে তাকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অপর আহত বেলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক টাইমনিউজ বিডিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ইআর





