হজব্রত পালন শেষে ফিরতি প্রথম ফ্লাইটটিও দেরিতে পৌঁছবে। সোমবার সকাল নয়টা ২০ মিনিটে বাংলাদেশে পৌঁছার কথা ছিল। তবে সেটি বিকেল সাড়ে তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে জানা গেছে। তবে কি কারণে এই বিলম্ব তার কারণ জানা যায়নি।

হাজিদের নিয়ে বিমানের ফিরতি ফ্লাইট আগামী ২৮ আক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এবার হজ পালনকালে গত সিকি শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে মিনায়। এখানে পদদলিত হয়ে অন্তত ৭৬৯ হাজি নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন।

এর আগে গত ১১ সেপ্টেম্বর মক্কার মসজিদুল হারামে ক্রেন ছিড়ে অন্তত ১১১ হজযাত্রী নিহত এবং প্রায় ৪০০ জন আহত হন। এ দুটো ঘটনায় কত বাংলাদেশি হজযাত্রী হতাহত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। শতাধিক বাংলাদেশি এখনো নিখোঁজ রয়েছে।

ফলে এবার ফিরতি হজ ফ্লাইটে শোকের আবহ বিরাজ করবে বলেই ধারণা করা যায়। বহু হাজি মক্কায় তার সতীর্থকে হারিয়ে বিষণ্ন মনেই দেশে ফিরবেন।

এবার বাংলাদেশ থেকে ১,০৭,২৯০ জন হজযাত্রী সৌদি গমন করেন। এর মধ্যে জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান ঢাকা-জেদ্দার মধ্যে ১৪০টি ফিরতি ফ্লাইট পরিচালনা করে ৫৪,৮৪৫ জন হজযাত্রী বহন করবে। এরমধ্যে নির্ধারিত ৩১টি ফ্লাইটসহ ১০৯টি বিশেষ ফ্লাইট রয়েছে।বাকি হজযাত্রীরা সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এআই